ঘাতকের অস্ত্রে ছিল কালো সূর্য, মুসলমানদের হারানো খ্রিস্টান সেনার নাম

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০৫:৪৯ পিএম

নিউজিল্যান্ডে গুলি চালিয়ে ৪৯ মুসলমানকে হত্যায় দায়ী ব্যক্তির অস্ত্রে ছিল ‘শয়তানবাদের’ প্রতীক। হামলার সময় সে যে অস্ত্র ব্যবহার করেছে তাতে শয়তানবাদ বা ‘স্যাটানিজম’ এর প্রতীক ‘কালো সূর্যের’ ছবি পাওয়া গেছে।

এ ছাড়া তার গলার লকেটেও একই প্রতীক পাওয়া গেছে।

নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী ওই ব্যক্তি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী। শুক্রবার দুই বন্দুকধারী ক্রাইস্টচার্চের ডিনস অ্যাভিনিউর আল নুর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউডের মসজিদে হামলা চালায়। স্ট্রিকল্যান্ড স্ট্রিটে একটি গাড়িবোমা হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

ডেইলি মেইল জানায়, হামলায় অংশগ্রহণকারী ওই বন্দুকধারী ব্রেনটন ট্যারেন্ট। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন থেকে এসেছেন বলে জানা গেছে।

দ্য সান তাদের অনলাইনে জানায়, ব্রেনটন ট্যারেন্ট যে অস্ত্র ও ম্যাগজিন ব্যবহার করেছে তাতে ১৫৭১ সালে উসমানি সাম্রাজ্যের বিরুদ্ধে জয়ী খ্রিস্টান ‘হোলি লীগের’ সেনার নাম লেখা ছিল। স্পেন, রোমসহ অস্ট্রিয়া যৌথ নৌবাহিনী লেপান্টো উপসাগরে উসমানী সাম্রাজ্যকে পরাস্ত করে। ওই যুদ্ধে বিজয়ের ফলে উসমানি সাম্রাজ্যের ইউরোপ যাত্রা থেমে যায় বলে কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন।

এ ছাড়া তার অস্ত্রে ছিল ১৬৮৩ সালে ‘ভিয়েনার যুদ্ধে’ অটোমান শাসকদের পরাজয়ে ভূমিকা রাখা দুই সেনা কর্মকর্তা মার্চেনটোনিয়ো কোলোনা এবং সার্বেন কানটাকুনিজো’র নাম।  

১৮৭৭-৭৮ সালে রাশিয়া ও অটোমান সাম্রাজ্যের মধ্যকার যুদ্ধে বিজয়ী কয়েজন রাশিয়ান সেনাপতির নামও সাদা কালিতে তার কালো অস্ত্রের গায়ে লেখা ছিল।

শয়তানবাদের প্রতীক কালো সূর্য নব্য-নাৎসিবাদীরা ব্যবহার করে থাকে বলে জানায় ডেইলি সান।

ধারণা করা হচ্ছে ওই হামলাকারীর বয়স ২৭ বছর যা বাবা-মা ব্রিটিশ। তবে তার নাম-পরিচয় এখনো নিউজিল্যান্ড পুলিশ থেকে প্রকাশ করা হয়নি।

হামলাকরী তার ভিডিওতে বিতর্কিত ও জাতিবিদ্বেষ ছড়ানো ইউটিউবার ‘পিউডিপাই’কে অনুসরণ করতে বলেছে।  

এ ঘটনায় তিন পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ বিস্তারিত তথ্য এখনো দেয়নি। নিউজিল্যান্ড সরকার এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত