অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেতা নিকুল কুমার মণ্ডল

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০৬:৫৪ পিএম

দুর্ঘটনায় অল্প থেকে প্রাণে বাঁচলেন অভিনেতা নিকুল কুমার মণ্ডল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মুগদা এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। একটি রডের দোকান থেকে কর্মীরা রড বের করতে গেলে রডের বান্ডেল অতর্কিত এসে তাকে বহনকারী মোটর বাইকে আঘাত করে। এতে বুকে ও গলায় মারাত্বক আঘাত পান নিকুল কুমার মণ্ডল।

জানা যায়, মানিক নগরের বাসা থেকে তিনি উবার মটোতে করে তেজগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন। মুগদা বাজার রোড এলাকা অতিক্রম করার সময় রাস্তার পাশের রডের দোকান থেকে কর্মীরা রডের বান্ডেল গাড়িতে তুলছিলেন। আগে থেকে কোনো সিগনাল না দেওয়ায় বাইক এসে পড়ে রডের বান্ডিলের সামনে। দ্রুত ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। রডের মাথা এসে নিকুল কুমারের বুকে ও গলায় লেগে যায়। এতে করে বুকে ও গলায় জখম হয় তার। এরপর তাকে দ্রুত মুগদার ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে গতকাল রাতে বাসায় ফেরেন নিকুল। ডাক্তাররা জানিয়েছেন আগামী ১০দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

 

দেশ রূপান্তরকে নিকুল বলেন, ‘অল্প থেকে আমি প্রাণে বেঁচে গেছি। কারণ রডের বান্ডিল না থেকে যদি সিঙ্গেল রড থাকত তাহলে বুকের ভেতর রড ঢুকে যেত। বা বান্ডিল সমান না থেকে যদি একটা দুটি রড বের হয়ে থাকত তাহলেও শরীরের ভেতর রড ঢুকে যেত। নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি।’

উল্লেখ্য ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করছেন নিকুল কুমার মণ্ডল। বিভিন্ন চ্যানেলে তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিক নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘পিরিতপুর’, ‘শান্তি পুরীতে অশান্তি’, ‘হাজার বত্রিশ’। কাজ করছেন সিনেমাতেও। বর্তমানে তিনি শুটিং করছেন ‘সাপলুডু’, ‘নন্দিনী’, ‘গাঙচিল’ ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অবতার’ ছবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত