সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২০২০) নির্বাচনে সভাপতিসহ ছয়টি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত (সাদা প্যানেল) প্রার্থীরা। অন্যদিকে, সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত (নীল প্যানেল) প্রার্থীরা।
সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি, একজন সহসভাপতি, একজন সহ-সম্পাদক ও তিনজন সদস্য পদে জয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ থেকে সম্পাদক, একজন সহসভাপতি, ট্রেজারার, একজন সহ-সম্পাদক ও চারজন সদস্য পদে জয়ী হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে ৩ হাজার ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবু মোহাম্মদ আমিন উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জামিল মোহাম্মদ আলী পেয়েছেন ২ হাজার ৪৪৩ ভোট। সম্পাদক পদে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ৩ হাজার ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল পেয়েছেন ২ হাজার ৬৪৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চাইতে ৪০৭ ভোট বেশি পেয়ে মাহবুব উদ্দিন খোকন এ নিয়ে টানা সপ্তমবারের মতো সুপ্রিম কোর্ট বারের সম্পাদক নির্বাচিত হলেন।
সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দুদিন ব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৭ হাজার ৮২৫ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৮২১ জন আইনজীবী ভোট দেন। আগের রাত থেকে ভোট গণনা শেষে শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হল রুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।
সহ সভাপতি (দুইটি পদ) পদে বিএনপি সমর্থিত আব্দুল বাতেন (২ হাজার ৮৫৬ ভোট) ও আওয়ামী লীগ সমর্থিত মো. জসিম উদ্দিন (২ হাজার ৮৪৯ ভোট) নির্বাচিত হয়েছে। ট্রেজারার পদে বিএনপি সমর্থিত মো. ইমাম উদ্দিন (২ হাজার ৯৪৭) নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে (দুইটি পদ) আওয়ামী লীগের কাজী শামছুল হাসান শুভ (২ হাজার ৭২৯ ভোট) এবং বিএনপির শরিফ ইউ আহমেদ (২ হাজার ৭২২ ভোট) বিজয়ী হয়েছেন।
সদস্য পদে সাদা প্যানেল থেকে আফিফা আফরোজ, মো. শামীম সরদার ও চঞ্চল কুমার চৌধুরী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নীল প্যানেল থেকে সদস্য পদে কাজী আক্তার হোসেন, রাশিদা আলিম ঐশী, মো. ওসমান চৌধুরী এবং সৈয়দা শাহীন আরা লাইলি জয়ী হয়েছেন।
গত বছর (২০১৮-২০১৯) সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ১৪টি পদে সভাপতি ও সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।
