বাংলাদেশের ক্রিকেটারদের জন্য পাকিস্তানের স্বস্তি

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০২:৪৪ এএম

নিউজিল্যান্ডের মসজিদে গতকালের সন্ত্রাসী হামলার নিন্দায় সারা বিশ্ব। শোকাতুর মানুষ। বাংলাদেশ ক্রিকেট দল ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের আল নূর মসজিদে হামলার সময় মাত্র ৫০ গজ দূরে ছিল। কিছুক্ষণ আগে মসজিদে পৌঁছলে তারাও হয়তো শিকার হতে পারত এর। তো পুরো ক্রিকেটবিশ্ব যখন শোক ও নিন্দা জানাচ্ছে এই ঘটনার তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডও তাই জানাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে আগেই জানিয়ে দেয় গতকালের খেলার আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। আর খেলোয়াড়-কর্মকর্তা সবাই কালো ব্যাজ ব্যবহার করবেন হাতে। পেশোয়ার জালমি-ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচে তাই হয়েছে।

আর পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান এহসান মানি স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা দুর্ঘটনার মধ্যে না পড়ায়, ‘আমরা এটাও জানি যে বাংলাদেশি ক্রিকেট দল হ্যাগলি পার্কের কাছের মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল। তারা সবাই নিরাপদে আছেন বলে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত