নুসরাতকে নিয়ে অশ্লীল মন্তব্য করার অভিযোগে দুজন গ্রেপ্তার

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৪:৪৫ পিএম

টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানকে নিয়ে অশ্লীল মন্তব্য করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। জানা যায়, নুসরাত জাহান আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন ভোটের মাঠে। নুসরাতকে লোকসভার প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না তার নিন্দুকেরা। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত জাহানকে নিয়ে অশ্লীল পোস্ট করেছেন দুজন। তাদের অশ্লীল মন্তব্যের জেরে সেই দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ চাঁদপাড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে বাদুড়িয়া থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকেও৷

ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার রাতে তন্ময় বালা নামে এক যুবক ফেসবুকে নুসরাতের বেশ কয়েকটি ছবি পোস্ট করে৷ সঙ্গে সে লেখে, এবার সাধারণ মানুষ বাড়িতে বসেই পরিষেবা পাবেন৷ এই পোস্টটি কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায়৷ বিভিন্ন গ্রুপে গ্রুপে ঘুরতে শুরু করে৷ নজরে আসে উত্তম ঢালি নামে এক ব্যক্তির৷ তিনি ওই কুরুচিকর পোস্টটির জন্য তন্ময় বালার বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন৷ সঙ্গে প্রমাণ হিসেবে তার পোস্টটিও পুলিশকে দেখান উত্তম৷ এরপরই পুলিশ চাঁদপাড়া থেকে তন্ময়কে গ্রেপ্তার করে৷ অশ্লীল পোস্ট কারী বিজেপির সমর্থক বলেও অভিযোগকারী পুলিশকে জানিয়েছে।

image

এদিকে একই অভিযোগে বাদুড়িয়া থেকেও শুভেন্দু চক্রবর্তী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির আইটি সেলের আহ্বায়ক শুভেন্দু হোয়াটসঅ্যাপ গ্রুপে নুসরাতকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট করে৷

উল্লেখ্য গত মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রার্থী হিসেবে টলিউডের একঝাঁক তারকাকে বেছে নেয়া হয়েছে৷ মুনমুন সেন, দেবের পর সেই তালিকায় যুক্ত হয়েছে মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানের নাম৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত