বড় ছেলে মহাক্ষয় মিমোর মতো মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমসিও অভিনয়ে নামার অপেক্ষায়। নিজস্ব সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, বলিউডে নাম লেখাতে নিজেকে প্রস্তুত করছেন তিনি।
কিংবদন্তি বাঙালি অভিনেতা মিঠুনের বড় ছেলে মিমো আগে থেকে আলোচিত-সমালোচিত। একবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। ছোট ছেলে সেই অর্থে এত দিন আলোচনার বাইরে ছিলেন।
মিঠুনের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলছে, ‘নমসি অভিনয়ের ব্যাপারে খুব আত্মবিশ্বাসী। সব সময় সে তার বাবাকে অনুসরণ করে। অভিনয় পেশায় আসতে সে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে।’
কবে নাগাদ, কার ছবিতে নমসি অভিনয় করতে পারেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
মিঠুন এক সময় বলিউড শাসন করেছেন দুর্দান্ত প্রতাপে। নাচ আর সাবলীল সংলাপের জন্য অল্প সময়ে পরিচিতি পেয়ে যান। বাংলার প্রতি সব সময় ছিল তার গভীর টান। আর তাই বলিউডের আলো ঝলমলে দুনিয়া ছেড়ে টালিগঞ্জের ‘কম বাজেটে’র ছবিতে অভিনয় করতে চলে আসেন।
কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি মিঠুনকে ইদানীং বাংলা থেকে দূরে সরিয়ে রেখেছে। সারদা কেলেঙ্কারিতে পড়ে সম্মান হারান। হারানো সম্মান ফিরে পেতে সারদার সব টাকা ফেরত দেন।
এরপর মিঠুন নিজেকে গুটিয়ে নেন। সত্তরের দশকে পুলিশের অত্যাচারে বাংলা-ছাড়া হওয়া অভিনেতা বর্তমানে পরিবার নিয়ে পশ্চিমবঙ্গে আসেন না বললেই চলে।
