যশোর সাহিত্য পরিষদে মহসিন শস্ত্রপাণির শোকসভা

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১০:৩৫ এএম

প্রগতিশীল সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক সদ্যপ্রয়াত বিশিষ্ট লেখক মহসিন শস্ত্রপাণি স্মরণে শোকসভা করেছে যশোর সাহিত্য পরিষদ।

শনিবার সন্ধ্যায় সাহিত্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক শাহিন ইকবাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আফসার আলী, কথা সাহিত্যিক অধ্যাপক পাভেল চৌধুরী, প্রগতিশীল লেখক আন্দোলনের সংগঠক আমিরুল কামাল রুমি, লেখক ও গবেষক বেনজিন খান, যশোর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম, সাহিত্য পরিষদের সাবেক সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সহসভাপতি কবি কাজী মাজেদ নেওয়াজ।

বক্তারা বলেন, “ছোটগল্প, উপন্যাস, ভ্রমণকাহিনীসহ মহসিন শস্ত্রপাণির সাহিত্যকর্ম তার লেখা, তার প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ‘উন্মেষ’ স্বাধীনতা উত্তরকালে তরুণদের প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক উন্নয়নে সহযোগিতা করেছে।

তারা বলেন, মহসিন শস্ত্রপাণি ষাটের দশক থেকে ১৯৮৬ সাল পর্যন্ত শুদ্ধ বাংলা সংস্কৃতি ও প্রগতিশীল রাজনীতির সাথে জীবন বাস্তবতার বিষয়ে তরুণদের প্রেরণা যুগিয়েছেন। তার রাজনৈতিক দর্শন, আধুনিক সময়ের সাথে তার জীবন ও বিশুদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের দার্শনিক ভাবনা অনাগত প্রগতিশীল সাহিত্য ও রাজীতিকে শাণিত করবে।

সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মহসিন শস্ত্রপাণি গত ২ মার্চ যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি বাংলাদেশের একজন রাষ্ট্রবিজ্ঞানী, সাংবাদিক, লেখক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন। তার জন্ম ১৯৪৫ সালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত