আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় হাটগোপালপুর বাজারে মিল্টন ডাক্তার ও ফাকরুকের ওষুধের দোকান, খায়রুলের চায়ের দোকান, ইউসুফ আলীর কাঁচামালের দোকান ও নজরুল ইসলামের গ্রিল এর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
পরে গ্রামে গিয়ে জেলা পরিষদের সদস্য ইমাজুল হক, আশরাফুল ইসলাম, কামাল হোসেন, হাফিজুর রহমান তোতা, শমসের আলী, গোলাম বারী রেজাউল ইসলাম, সাদ্দাম হোসেন মনিরুল ইসলামসহ ৯ বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। এছাড়া আনোয়ার হোসেন আনারের একটি ঘরে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষরা।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু ও সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।
গত ১২ মার্চ উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার রাতে বিকাশ বিশ্বাসের সমর্থকরা লিটুর সমর্থকদের বাড়িঘর, দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করে।
এ সময় তারা আনোয়ার হোসেন আনার নামে এক ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত শনিবার রাতে জের ধরে আবারও লিটু চেয়ারম্যান সমর্থকরা সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের সমর্থকদের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
