আর কয়েক ঘণ্টা পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টির ফাইনালে মুখোমুখি হবে কুয়েতা গ্ল্যাডিয়েটর্স ও পেশওয়ার জালমি। করাচিতে হতে যাওয়া ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করবেন বার্সেলোনা ও স্পেনের সাবেক কিংবদন্তি ফুটবলার কার্লোস পুয়োল।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালের বল মাঠে গড়ানোর আগে আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্থানীয় সময় সাড়ে ছয়টায় হবে সমাপনী অনুষ্ঠান। আর মাঠে বল গড়াবে সন্ধ্যা সাতটায়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জেতা এবং বার্সেলোনার হয়ে অংসখ্য শিরোপা জেতা সাবেক সেন্টার ডিফেন্ডার পুয়োল।
এই সফরে ফুটবল প্রমোশনের জন্য প্রচারণা চালাবেন পুয়োল। ২০১৯ সালের এপ্রিলে করাচিতে হবে ‘ওয়ার্ল্ড সকার স্টার ২০১৯’ নামের একটি প্রীতি ফুটবল প্রতিযোগিতা। লুইস ফিগো, ব্রাজিলের কাকা, ফ্রান্সের নিকোলাস আনেলকার মতো সাবেক তারকারাও দুই ম্যাচের ওই প্রতিযোগিতায় খেলবেন।
এই প্রীতি টুর্নামেন্টের টিকিট বিক্রির উদ্বোধন করবেন পুয়োল। পাকিস্তানে পৌঁছানোর আগে তিনি এক বিবৃতিতে বলেন, “করাচি, আমি আপনাদের সবাইকে দেখার জন্য মুখিয়ে আছি। পাকিস্তানে আমি আমার সব সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছি।”
এ উপলক্ষে বছরের শুরুতে পাকিস্তান সফর করে গিয়েছেন কাকা ও ফিগো।
