ছিনতাইকারীর কবলে অভিনেত্রী রোজি সিদ্দিকী

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০৮:৩৯ পিএম

অভিনেত্রী রোজি সিদ্দিকীর হিরের আংটি নিয়ে গেছে ছিনতাইকারীরা। আশুলিয়ায় শুটিং শেষে রাজধানী বসুন্ধরার আবাসিক এলাকার বাসায় ফেরার পথে শনিবার রাত সাড়ে ৯টার দিকে  মিরপুর রুপনগরের পঞ্চবটী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় অভিনেত্রী রোজি সিদ্দিকীর হাতের আঙুলে ব্যবহৃত দুটি হিরার আংটি, স্বর্ণের কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যায়। চালকের মোবাইলসহ তার কাছে থাকা ১৭৮০ টাকা নিয়ে গেছে।

রূপনগর থানার ওসি  শেখ মো: শাহ আলম দেশ রূপান্তরকে জানান, গতকাল এ ঘটনায় রোজি সিদ্দিকী থানায় মামলা করেছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, চলন্ত গাড়ি বেড়িবাঁধের পঞ্চবটী এলাকায় পৌঁছালে গাড়ির ওপর প্রচণ্ড শব্দ হয়। এ সময় চালক গাড়ি থামিয়ে চাকা পরীক্ষা করতে গেলে চার ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘিরে ধরে। এ সময় রোজি সিদ্দিকীর হাত থেকে দুটি হিরার আংটি, কানের দুল, মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ বিষয় জানতে চাইলে রোজি সিদ্দকীর স্বামী শহীদুজ্জামান সেলিম দেশ রূপান্তরকে বলেন, তার স্ত্রী ডাকাতদের কবলে পড়েছিলেন। তিনি এখন সুস্থ আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত