পুলিশ ফাঁড়িতে হামলা: সিরাজগঞ্জে জঙ্গি সন্দেহে যুবক আটক

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০৯:৪৬ পিএম

সিরাজগঞ্জ শহরের চৌরাস্তার মোড়ের মুজিব সড়কে অবস্থিত ১নং শহর পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টাকারী যুবক ইব্রাহিমকে (২৫) জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে।

শনিবার রাতে সে পুলিশ ফাঁড়িতে হামলার চেষ্টা করে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার রাজিপুর গ্রামের আয়নাল হকের ছেলে। এ ঘটনায় শহর জুড়ে আতঙ্কর বিরাজ করছে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, ওই যুবক শনিবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে ওই পুলিশ ফাঁড়িতে প্রবেশ করে কর্তব্যরত এক পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত পুলিশ তাকে পাকড়াও করে হামলার কারণ জানতে চাইলে সে জানায়, তার ওপর বিশেষ দায়িত্ব আছে। এ জন্য সে এই হামলার চেষ্টা করেছিল। তবে কে বা কারা তাকে এ ধরনের দায়িত্ব দিয়েছে সে বিষয়ে সে কিছু বলছে না। তাই পুলিশ ধারণা করছে তার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক থাকতে পারে। এ কারণে তাকে আটক করে রাতেই সিরাজগঞ্জ সদর থানায় নেওয়া হয়।

সদর থানার এসআই আনিস জানান, রাতেই ডিবি পুলিশ ইব্রাহিমকে তাদের কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। সে আসলেই কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না পুলিশ তা এখনো নিশ্চিত হতে পারেনি। তবে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে বলে এসআই আনিস জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত