ইথিওপিয়ায় গত সপ্তাহে বিমান বিধ্বস্তে নিহতদের অন্তোষ্টক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার আদ্দিস আবাবা এবং নাইরোবির দুইটি গির্জায় নিহত নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
১০ মার্চ সকাল ৮ টা ৪৪ মিনিট নাগাদ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬০ কি.মি. দক্ষিণ পশ্চিমে বিশফু শহরের কাছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ ম্যাক্স এইটের ফ্লাইটটি বিধ্বস্ত হয়।
এতে বিমানের ভেতর থাকা ১৪৯ জন যাত্রী ও আটজন বিমান কর্মী সকলেই নিহত হন। নিয়মিত ফ্লাইটে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশ্যে মাত্র ছয় মিনিট আগে এটি যাত্রা করেছিল।
আদ্দিস আবাবার হোলি ট্রিনিটি ক্যাথেড্রালে নিহতদের লাল কফিন জড়িয়ে পরিবারের সদস্যদের কাঁদতে দেখা যায়।
একইদিন নাইরোবিতেও স্বজনদের হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। এক অর্থোডক্স গির্জায় উপস্থিত ছিলেন নিহত ৩৬ কেনীয় নাগরিকদের স্বজন। ৩০টি দেশের নিহতদের প্রতিনিধি হিসেবে দেশগুলোর কূটনীতিকরাও শ্রদ্ধা জানাতে আসেন এতে।
বিবিসি জানায়, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন গির্জায় মোমবাতি জ্বালানো হয়। তাদের আত্মার উদ্দেশে সাদা পোশাক পরে প্রার্থনায় অংশগ্রহণ করে স্বজনরা।
এখনও বেশ কিছু মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। অগ্নিদগ্ধ হয়ে যেভাবে পুড়ে গেছে তাদের পরিচয় নিশ্চিত হতে আরও কয়েক মাস লেগে যাবে। তাদের পরিবারের জন্য কফিন রাখা হয়েছিল। মৃতদেহের বদলে সেখানে রাখা হয়েছিল দুর্ঘটনাস্থলের মাটি।
ইথিওপিয়ান এয়ারলাইন্সের কর্মীরাও এদিন নিহত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে আদ্দিস আবাবার বোলে আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
