নতুন আঙ্গিকে ও হালনাগাদ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গতকাল ররিবার দুপুরে এটি উদ্বোধন করেন। তিনি বলেন, ‘আজ বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। এমন দিনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নতুন আঙ্গিকে নিয়ে আসতে পেরে ভালো লাগছে।’
বেরোবির জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রাহমান প্রধান বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জন্য যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হলো।
উদ্বোধনকালে সহ-উপাচার্য অধ্যাপক মশিউর রহমানসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়েবসাইটটি সময়োপযোগী বেশ কিছু নতুন ফিচারের মাধ্যমে সাজানো হয়েছে। এর মাধ্যমে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রামাণ্য ভিডিও, ইমেজ ও প্রকাশনাগুলো শেয়ার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সহজ করা হয়েছে শিক্ষার্থীদের সেবা প্রদানের বিভিন্ন কার্যক্রম।
