দুই বছর আগের এক ঘোষণায় জানানো হয়, বলিউড সুন্দরী মাধুরী দীক্ষিত-নেনের জীবনী অবলম্বনে টেলিভিশনের জন্য সিরিজ হতে যাচ্ছে। আর প্রযোজনা করছেন বলিউড থেকে হলিউডে আলো ছড়ানো প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সেই প্রজেক্টের অগ্রগতি কত দূর?
সম্প্রতি এ নিয়ে ‘সাজন’ তারকার মুখোমুখি হয় ডিএনএ ইন্ডিয়া। সেখানে তিনি জানান, কেন দেরি হচ্ছে। আরও উল্লেখ করেন, এ ধরনের সিরিয়ালের ক্ষেত্রে কোন কোন বিষয় মনোযোগের দাবি রাখে।
তার মতে, চিত্রায়নের জন্য শুধু অভিনেত্রী জীবনকে বেছে নিলে হবে না। বরং, তাকে একজন ব্যক্তি মানুষের প্রেক্ষিতে বিচার করতে হবে।
মাধুরী বলেন, “এটা শুধু অভিনেত্রী হিসেবে আমাকে তুলে ধরার বিষয় নয়। মানুষ জানে না- আমার জীবনের তেমন ভিন্ন দিকগুলোও চিত্রিত হবে। যুক্তরাষ্ট্র আমার জীবন কেমন ছিল, সন্তানদের (অরিন ও রায়ান) বড় করা, নাচের প্রতি আমার ভালোবাসা আর অবশ্যই অভিনয়- সবকিছুই এ সিরিজের অংশ হবে।”
২০১৭ সালে ঘোষণা সত্ত্বেও সিরিজের কাজ আর সামনে এগোয়নি। এ নিয়ে মাধুরী বলেন, “এ নিয়ে কয়েক দফা এবিসি’র (আমেরিকান টিভি চ্যানেল) সঙ্গে আলোচনা হয়েছে। টিভিতে কোনো কিছু করে ফেলা আসলে কঠিন। এটা রাতারাতি হবে না, সময় লাগবে।”
আরও জানান, সিরিজটি নিয়ে নানাভাবে ভাবা হচ্ছে। এরপরই কিছু একটা হবে। এখন তারা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছেন।
মাঝে খুব একটা পর্দায় দেখা যায়নি মাধুরী দীক্ষিতকে। মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘টোটাল ধামাল’ বক্স অফিসে বেশ সফল। এ সিনেমার মাধ্যমে অনেক বছর পর অনিল কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন। সামনে আসছে ‘কলঙ্ক’। ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে এ ছবিতে দুই দশকের বেশি সময় পর অভিনয় করছেন সঞ্জয় দত্তের সঙ্গে।
