ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের স্মরণে এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা সুস্থভাবে দেশে ফেরায় সোমবার মিরপুরে বিসিবির কার্যালয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ দোয়া ও মিলাদের।
দুপুর দুটায় আয়োজিত মিলাদে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এসেছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদরাও।
গেল শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত ৫০ জন নিহত হন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে দলের তৃতীয় টেস্টের ভেন্যু ছিল হ্যাগলি ওভাল। সেই ভেন্যু থেকে বাংলাদেশে দলের ১৭ ক্রিকেটার আল নূর মসজিদে জুম’আর নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন।
ক্রিকেটারদের বহনকারী বাস মসজিদের কাছে পৌঁছানোর আগেই হামলাকারী ভেতরে গুলি চালায়। এক নারী এ সময় বাংলাদেশ দলকে মসজিদের ভেতরে যেতে নিষেধ করেন। ক্রিকেটাররা তখন খুব কাছ থেকে দেখেছেন হামলার ভয়াবহতা। অনেককে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসতে দেখেছেন। অনেককে দেখেছেন নিথর পড়ে থাকতে।
তামিম ইকবাল যে ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আর ত্রিশ সেকেন্ড এদিক সেদিক হলেও হয়তো আমাদের লাশ দেশে ফিরত।
