চট্টগ্রাম আদালত ভবনে জেলা পুলিশের আলামত রাখার গুদামে চুরি হয়েছে। তিন দিনের সরকারি বন্ধের পর সোমবার সকালে চুরির বিষয়টি ধরা পড়ে। এই ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে জেলা পুলিশের কনস্টেবল খলিলুর রহমান ও মো. মনিরুজ্জামানকে পুলিশ সুপার নুরে আলম মিনা সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন।
ঘটনা তদন্তে কাজ করছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।
পরিদর্শক বিজন কুমার বড়ুয়া দেশ রূপান্তরকে বলেন, মালখানায় আমরা যে দু’টি তালা ব্যবহার করি, সোমবার সকালে এসে দেখা যায়, সেই দু’টি তালার বদলে অন্য দু’টি তালা ঝুলছে। মালখানায় নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তাদের ডেকে আনি। কিন্তু তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে ঢুকি। পুরো আলামতখানা তছনছ অবস্থায় পাওয়া গেছে। বেশ কিছু আলামত খোয়া গেছে। কী কী আলামত খোয়া গেছে, তালিকার সঙ্গে মিলিয়ে সেটি নির্ধারণের কাজ চলছে।
এদিকে আলামত রাখার গুদামে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যান নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান ও স্থানীয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, এটা চুরির ঘটনা নাকি এর পেছনে অন্য কিছু আছে সেটা আমরা খতিয়ে দেখছি। পিবিআই এবং সিআইডিও কাজ করছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তার করা হবে।
