ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে বিএসএফ’র ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত শাহীনকে (২০) ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার ভোরে সীমান্তের ৩৬৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন হরিপুরের গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক এন এস এম সামীউন্নবী চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘ সোমবার ভোরে ১৩/১৪ জন বাংলাদেশি নাগরিক ভারতের শৈলপাড়া এলাকায় প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ’র ফুলবাড়ী ক্যাম্পের টহল দল তাদের দেখতে পেয়ে গুলি ছোড়ে। এতে শাহীনের পায়ের পেছনের অংশে একটি গুলি লাগে। পরে শাহীনসহ ১০ জন দেশে ফিরে এলেও তিনজন ভারতে প্রবেশ করে। আহত শাহীনকে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।’
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক সামীউন্নবী।
আহত শাহীন হাসপাতালে সাংবাদিকদের জানান, ভোরে তিনি ছাড়াও আরও দুজন রাজমিস্ত্রীর কাজের জন্য ভারতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু বেশি দূর যেতে না পেরে তারা ফিরে আসেন। তখন বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে।
