ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেনা বাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৬) ও তার ৬ বছর বয়সী ছেলে সাজিদ আহমদ। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সিলেটের সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রাম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘাতক ট্রাকের চালক শুকুর আলীকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। শুকুর আলী গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের হারিছ আলীর ছেলে।
গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল জানান, সেনা কর্মকর্তা সোজা আহমদের পরিবারের সদস্যরা একটি সিএনজি অটোরিকশায় বিছানাকান্দি থেকে জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে সতিগ্রাম এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী ইলোরা পারভীন ও তার ছেলে সাজিদ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী মাহিন ও সজিব। তাদেরকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহত ইলোরা পারভীনের স্বামী সোজা আহমদ ঢাকা সেনানিবাসে কর্মরত রয়েছেন।
