মনসুরের পথে অন্যরা যেতে পারেন বলে আশঙ্কা গয়েশ্বরের

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১০:৫৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুলতান মোহাম্মাদ মনসুর শপথ নিয়ে সংসদে যোগ দিয়েছেন। একই সঙ্গে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এম মোকাব্বির খানের শপথ নেওয়ার কথা ছিল। তখন মোকাব্বির শপথ না নিলেও যে কোন সময় শপথ নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

মঙ্গলবার দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে তিনি তার এই আশঙ্কার কথা বলেন। গয়েশ্বর বলেন, যারা একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন কিংবা সরকার যাদের বিজয়ী ঘোষণা করেছে তাদের সবার বিষয়ে আশঙ্কা রয়েছে।

এর আগে আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে দল ও জোটের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যোগ দেওয়ায় একাদশ জাতীয় সংসদের সদস্য সুলতান মোহাম্মাদ মনসুরের সমালোচনা করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। একই সঙ্গে তাকে পাখি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, পাখি এখন সংসদে বসে কাঁঠাল খাচ্ছে। এ রকম আর কেউ যে যাবেন না সে বিষয়ে তিনি নিঃসন্দেহ হতে পারছি না। 

মানববন্ধনে অন্য যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের সতর্ক করে গয়েশ্বর বলেন, চেয়ারপারসনকে কারাগারে রেখে দলীয় সদস্যদের সংসদে দেখতে চান না নেতা-কর্মীরা।

তিনি বলেন, ‘আমরা দেখছি যে, আমাদের সাথে থাকল, আমাদের মাথায় কাঁঠাল রাইখা তিনি (সুলতান মো. মনসুর) এখন কাঁঠাল খাচ্ছেন সংসদে বইসা। আরও কিছু অপেক্ষা করছে কি না, আরও কিছু যাবে কি না-তাও জানি না।’

তিনি বলেন, ‘পাখি যায় যাক, সেই পাখিদের একটাই বলব, গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে জনগণের কাছে হস্তান্তর করে কারও যদি সংসদে যাওয়ার শখ থাকে যান, কিছু বলব না। কিন্তু তিনি (খালেদা জিয়া) জেলে থাকবেন আর পার্লামেন্টে গিয়ে কথা বলবেন সেই কথা শুনার জন্য কিন্তু আমরা কখনোই প্রস্তুত থাকব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত