প্রতিবন্ধী ছাত্রের ওপর হামলা বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৫:৪৮ এএম

দিনাজপুর আদর্শ কলেজের তৃতীয় বর্ষের প্রতিবন্ধী ছাত্র আদিব রহমান রিভুর ওপর হামলার প্রতিবাদ, সন্ত্রাসীদের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীসহ পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই শিক্ষার্থীর পিতা এখলাস-উর রহমান কিউবা।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার ছেলে আদিব রহমান রিভু দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ছেলে কিছুটা প্রতিবন্ধী হলেও স্বাভাবিক চলাফেরা, বন্ধুবান্ধব, শিক্ষাগ্রহণ ও পরিচিতজনের সঙ্গে ঘোরাফেরায় তেমন সমস্যা হয় না। শহরের চিহ্নিত সন্ত্রাসী মেহেদী হাসান প্রিন্স ও ইরফান খান পাপ্পু আমার ছেলেকে সবসময় শারীরিক ও মানসিকভাবে উত্ত্যক্ত করত। গত ১৭ মার্চ রাত সাড়ে ১০টায় দিনাজপুর শহরের বাহাদুর বাজার মাসুম হোটেলের সামনে অশালীন ভাষায় উত্ত্যক্ত করলে আমার ছেলে তাদের বলে, ‘তোমরা তো আমার বন্ধু নও, কেন আমার সঙ্গে এমন ব্যবহার করছ।’ এ কথা শুনে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আমার ছেলের ওপর হামলা ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। হামলার ফলে সে পিঠে, হাতে, মুখে আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে আমার ছেলে আঘাত সহ্য করলেও মানসিকভাবে ভেঙে পড়েছে। সে বর্তমানে ভয়ে দিন কাটাচ্ছে।

বিষয়টি গত ১৭ মার্চ রাতে কোতোয়ালি থানার ওসিকে অবহিত করলে তিনি হামলাকারীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত