নিজের ও ভোট কেন্দ্রের নিরাপত্তা চাইলেন ফরিদগঞ্জের স্বতন্ত্রপ্রার্থী

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৮:০৯ পিএম

উপজেলা পরিষদের নির্বাচনে নিজের ও ভোট কেন্দ্রের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন ও আইজিপির হস্তক্ষেপ কামনা করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী তোফায়েল আহম্মেদ ভূঁইয়া।

তিনি আগামী রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় আনারস প্রতীকে নির্বাচন করছেন। বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের ও ভোট কেন্দ্রের নিরাপত্তা চেয়ে এই দাবি জানানো হয়।

তোফায়েল আহম্মেদ ভূঁইয়া গুরুতর আহত ও তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আরিফ হোসেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়- প্রতিপক্ষ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জাহিদুল আলম রোমান দলবল নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি হামলা করে বেদম মারধর করে তোফায়েল আহম্মেদ ভূঁইয়াকে এবং তার লাইসেন্স করার পিস্তল কেড়ে নেয়। তিনি থানায় মামলা করতে গেলে থানা-পুলিশ মামলা নেয়নি। তিনি কিছুটা সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলে প্রতিপক্ষের লোকজন বাড়িতে কয়েক দফায় হাত বোমা হামলা করে। নির্বাচনী প্রচারণার জন্য মাইক নামালেই ভাঙচুর করা হয় এবং নির্বাচনী ক্যাম্প অফিসেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া, কয়েক দিন থেকে তোফায়েলকে প্রতিপক্ষের লোকজন বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দুর্বৃত্তরা সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে। তার দাবি উপজেলার ১১৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেওয়া হলে ভোটের সময় মারাত্মক দাঙ্গা-হাঙ্গামা  ও ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত