জাহালমকে নিয়ে সিনেমা-নাটক নির্মাণে নিষেধাজ্ঞা

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৯:৪১ পিএম

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় নিরীহ পাটকল শ্রমিক টাঙ্গাইলের জাহালমকে আসামি করা ও তার তিন বছর কারাবাসের ঘটনা নিয়ে চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বুধবার এ আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।

জাহালমের ওই ঘটনা নিয়ে সম্প্রতি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন নির্মাতা মারিয়া তুষার। বিচারাধীন বিষয়ে এ ধরনের উদ্যোগকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করেন দুদকের প্রধান কৌঁসুলি মো. খুরশিদ আলম খান।

বাধবার আদালতে খুরশিদ আলম খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার।

সোনালী ব্যাংকের ওই ঋণ জালিয়াতির হোতা আবু সালেকের পরিবর্তে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইলের নাগরপুরের ধুবুড়িয়া গ্রামের জাহালমকে গ্রেপ্তার করে দুদক। পরে ২৬ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। বিষয়টি গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত। শুনানি নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ জাহালমকে তাৎক্ষণিক কারামুক্তির নির্দেশ দিলে ওই দিন দিবাগত রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জাহালম।

৬ মার্চ জাহালমের বিষয়ে প্রতিবেদন জমা দেয় দুদক। দুদক আইনজীবী জানান, সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের দেওয়া তথ্যেও ভিত্তিতে জাহালমকে আসামি করা হয়। ওই দিন দুদকের প্রতি অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট বলেন, জাহালম নিরপরাধ জানার পরও তার জামিনের ব্যবস্থা না করার দায় দুদককেই নিতে হবে। এ ঘটনায় দুদকের করা মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর), অভিযোগপত্রসহ সকল নথি তলব করেন আদালত যা ১০ এপ্রিল দাখিল করতে বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত