চট্টগ্রামে দিয়াজ হত্যা মামলায় ছাত্রলীগ কর্মী আরমান গ্রেপ্তার

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১১:৫৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এক আসামি ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আরমানকে গ্রেপ্তার করেছে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে আরমানকে গ্রেপ্তার করা হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন সিআইডি’র সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এএসপি জসিম জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র আরমান চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মো. আলমগীর টিপু’র ভাই। একই মামলায় টিপুও আসামি।

২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় নিজ কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনা নিয়ে নানা নাটকীয়তার পর ময়নাতদন্ত  প্রতিবেদনে উঠে আসে, আত্মহত্যা নয় দিয়াজকে খুন করা হয়েছে। ঘটনার পর ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ, বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক রাশেদুল আলম জিসান, ছাত্রলীগ কর্মী আবু তোরাব পরশ, মনসুর আলম, আব্দুল মালেক, মিজানুর রহমান, আরিফুল হক অপু ও মোহাম্মদ আরমান।

এছাড়া অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছিল। আনোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করে জেলে গিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত