আর্জেন্টিনা দল থেকে নিজেকে সরিয়ে নিলেন দি মারিয়া

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১২:০২ পিএম

চোটের কারণে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না আনহেল দি মারিয়ার। চোটের কারণে দল থেকে আক্রমণভাগের এই খেলোয়াড় নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

গত বছর রাশিয়া বিশ্বকাপে খেলার পর থেকেই পাওলো দিবালা, নিকোলাস ওতামেন্দি ও লিওনেল মেসির মতো জাতীয় দলের বাইরে ছিলেন দি মারিয়া। প্রীতি ম্যাচ দুটি উপলক্ষে তাদের মতো দলে ডাকা হয় এই উইঙ্গারকেও।

ক্লাব পিএসজির হয়ে দারুণ ফর্মে আছেন দি মারিয়া। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় নিজে ১৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ১৩ গোল।

এর মধ্যে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দি মারিয়া। এই চোটের কারণে জাতীয় দলের হয়ে খেলা হচ্ছে না তার। অবশ্য তার জায়গায় বিকল্পের অভাব হবে না আর্জেন্টিনার।

মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপোলিতানো স্টেডিয়ামে শনিবার ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর তিন দিন পর তাঞ্জিয়ারে মরক্কোর মুখোমুখি হবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত