ইতালির মিলানে শিশুভর্তি স্কুলবাস ছিনতাই করলো এর চালক। বাসটিতে ৫১ জন শিশু ছিল বলে জানা গেছে।
বিবিসি জানায়, শিশুদের সহ ছিনতাইকৃত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই চালককে গ্রেপ্তার করা হয়েছে।
৪৭ বছর বয়সী ওই ব্যক্তি সেনেগালের নাগরিক। তিনি একজন অভিবাসী বলে জানা গেছে।
জানা যায়, বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছিল ওই চালক। বাসটিতে এক স্কুল শিক্ষকও ছিলেন।
তার ভাষ্যমতে, ভূমধ্যসাগরে অভিবাসীদের মৃত্যুর ঘটনা বন্ধের দাবিতে উসেইনু সাই নামে ওই চালক এ ঘটনা ঘটিয়েছে।
বাসটি ছিনতাইয়ের সময় চালককে বলতে শোনা যায়, “কেউ বাঁচবে না। সাগরে মৃত্যু বন্ধ করে। আমি সবাইকে মেরে ফেলব।”
মিলানের চিফ প্রসিকিউটর ফ্রান্সিসকো গ্রিকো বলেন, “এটি অবিশ্বাস্য, বড় ধরনের হত্যাকাণ্ড ঘটে যেতে পারত।”
এদিকে তার বিরুদ্ধে অপহরণ, হত্যার চেষ্টা, অগ্নিকাণ্ড ও গ্রেপ্তারে বাধা দেওয়ার একাধিক অভিযোগ আনা হয়েছে।
