আগামী ১৯ এপ্রিল রাজধানীতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন। বাংলাদেশের প্রায় ৩৫০০ মানব সম্পদ পেশাজীবীদের সর্ববৃহৎ মানব সম্পদ সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এই সম্মেলনের আয়োজন করেছে।
সকাল ৮.৩০ টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) সম্মেলন শুরু হবে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএসএইচআরএম-এনএসইউ এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। এবার অষ্টমবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনে বিএসএইচআরএম চেয়ারম্যান মুহম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করা গেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। ২০২১-২০৪০ সালের মধ্যে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশকে নিয়ে যাওয়া সম্ভব।
তবে এর জন্য তিনি পৃথক মানব সম্পদ মন্ত্রণালয় গঠনের প্রস্তাব রাখেন।
বিএসএইচআরএম সভাপতি ও সম্মেলনের পৃষ্ঠপোষক মো.মাশেকুর রহমান খান বলেন, মানব সম্পদের উন্নয়ন করতে হলে শুধু একাডেমিক শিক্ষা নয়, কারিগরি শিক্ষারও প্রয়োজন। এই লক্ষ্যে আমরা কাজ করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলনের সচিব মো. জাহাঙ্গীর নবী, প্রেস ও মিডিয়া কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোরাদ হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ খসরু মিয়া প্রমুখ।
