এবার দুঃখ পেলেও শাজাহান খান জানালেন ‘চালক একা দায়ী নয়’

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১১:২১ পিএম

মঙ্গলবার ঢাকার বারিধারার পাশে নদ্দা এলাকায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন শাজাহান খান।

তবে দুর্ঘটনার জন্য ‘চালক একা দায়ী নয়’ মন্তব্য করে এর পেছনের অন্যান্য কারণগুলোর ওপর নজর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রধান শাজাহান খান।

বৃহস্পতিবার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে বৈঠকে বসেন সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন কমিটির সদস্যরা।

বৈঠক শেষে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, 'দুর্ঘটনা নানা কারণে ঘটে। আমরা যদি বলি শুধু ড্রাইভার একা দায়ী, তা না। এখানে যে যে কারণগুলো আছে সেগুলো দেখতে হবে। যে ছাত্রটা মারা গেল এটা খুবই দুঃখজনক। আমার নিজেরও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে। এই দুঃখজনক বিষয়টা কিন্তু আজকে আমরাও উপলব্ধি করতে পারছি।'

তিনি বলেন, আমি মনে করি, এই দুর্ঘটনাটাকে তদন্তের মাধ্যমে যে দায়ী হবে, আইন রয়েছে সেই আইন অনুযায়ীই ব্যবস্থা হবে। এইটা নিয়ে কিন্তু মালিক-শ্রমিক কারও কোনো আপত্তি নেই. কেউ প্রতিবাদ করবে না। এ ব্যাপারে কিন্তু আমরা আগেও বলেছি, এখনও বলছি।

এর আগে গত বছর ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার পর তৎকালীন নৌ পরিবহনমন্ত্রী শাহাজান খান হাসতে হাসতে দোষীদের শাস্তির কথা বলেছিলেন।

তা নিয়ে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে ক্ষমা চান শাজাহান খান।

বৃহস্পতিবার তিনি আরো বলেন, আমরা বলেছি আগে রাস্তাটা ক্লিয়ার করি, ফুটপাত নাই করলাম- সেটা সম্ভব। বাস দাঁড়ানোর জন্য বাস বে সুনির্দিষ্টভাবে ও ডেডিকেটেড কালারের হবে। এগুলো আমরা করব সারা বাংলাদেশে।

শাজাহান খান বলেন, কমিটি কিছু সুপারিশ করেছে, আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী ৪ এপ্রিলের মধ্যেই এসব সুপারিশ জমা দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত