হাল সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। নানা কারণেই আবারও আলোচনায় উঠে এসেছে মাহির নাম। বিশেষ করে নতুন ছবি ছাড়া ক্যামেরার সামনে না দাঁড়ানোর ঘোষণা, পারিশ্রমিক কমানোর সিদ্ধান্ত এবং প্রথমবারের মতো শর্টফিল্মে অভিনয় করে আবারও খবরের শিরোনামে তিনি।
সম্প্রতি মাহি শেষ করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য ছবির কাজ। বঙ্গবন্ধুর চেতনাকে উপজীব্য করে নির্মিত ওই স্বল্পদৈর্ঘ্য ছবিতে মাহির বিপরীতে ছিলেন সাইমন সাদিক। এদিকে পরিচালক রায়হান রাফি পরিচালিত আরও একটি মিউজিক্যাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবিতে মাহির বিপরীতে কাজ করবেন ‘স্বপ্নজাল’ খ্যাত নায়ক ইয়াশ রোহান। মাহি বলেন, ‘নিজেকে অন্যভাবে আবিষ্কার করার জন্যই মিউজিক্যাল ফিল্মটি করছি। আশা করছি একটি সুন্দর কাজ হতে যাচ্ছে।’
বছরের শুরুর দুই মাস কোনো কাজ ছাড়াই কাটিয়ে দিয়েছেন মাহি। কেমন কাটল মাহির সময়? জবাবে মাহি বলেন, ‘বছরের শুরুটা বেশ ভালোই কেটেছে। নিজের মতো করে কাটাতে পারলাম। ঘোরাঘুরি করেছি প্রচুর। আর আমি সব সময় মাস্তিতে থাকি। এই দুই মাসও সেভাবেই থাকার চেষ্টা করেছি।’
এদিকে নতুন ছবি ছাড়া নতুন বছরে কোনো কাজ করবেন না মাহি- এমন ঘোষণা দিলেও পুরোনো ছবির শুটিং দিয়েই তিনি ফিরছেন ক্যামেরার সামনে। এ বিষয়ে মাহি বলেন, ‘আসলে আমার কাছে প্রচুর ছবির প্রস্তাব এসেছে। কিন্তু মনমতো ছবি না পাওয়ায় কাজ করিনি। শেষ পর্যন্ত ভাবলাম আমার জন্য অনেক প্রযোজক বসে আছেন তাদের কাজগুলো শেষ করে দেওয়া উচিত। তাই নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছি।’
পারিশ্রমিক কমাচ্ছেন মাহি, এমন খবর চারদিকে। সত্যিই কি পারিশ্রমিক কমিয়ে দিচ্ছেন এখন থেকে? প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘পারিশ্রমিক কমানোর ব্যাপারটা আসলে ঢালাওভাবে বলিনি। বলেছি ভালো কোনো ছবি হলে পারিশ্রমিক কমানোর ব্যাপারটা ভেবে দেখব। আমি চাই ভালো ভালো প্রজেক্টে নিজের সহায়তার হাত বাড়িয়ে দিতে। ভেবে দেখলাম সিনেমার অবস্থা এখন তেমন ভালো না, ফলে আমারও উচিত ভালো সিনেমাকে সহায়তা করা। সিনেমার দুরবস্থা দূর করতে সবারই এগিয়ে আসা উচিত। সে কারণেই বলেছি ভালো প্রজেক্ট পেলে পারিশ্রমিক কমাব।’
এদিকে গুঞ্জন রটেছে মাহির সংসার ভালো যাচ্ছে না। গুঞ্জনের কথা শুনে হাসলেন মাহি। বললেন, ‘গুঞ্জনের ব্যাপারটা আমিও শুনেছি। মূল বিষয় হচ্ছে, আগে আমি অপুকে নিয়ে প্রচুর স্ট্যাটাস দিতাম। কিন্তু দেখতাম ও কোনো স্ট্যাটাস দিত না। ও কেন আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় না জানতে চাইলে ও জবাব দিত, ‘মাহি সবাইতো সমান নয়’। বলতে পারেন অপুর ওপর অভিমান করেই আমি স্ট্যাটাস দিই না। এ কারণেই মানুষ মনে করছে আমাদের ভেতর কোনো ঝামেলা আছে বা সংসার ভালো যাচ্ছে না। এটা আদৌ ঠিক নয়। আমরা খুব ভালো আছি।’
উল্লেখ্য ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় পা রাখেন মাহি। এ পর্যন্ত প্রচুর ছবিতে কাজ করেছেন তিনি। ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘অগ্নি’, ‘জান্নাত’সহ বেশ কিছু ছবি রয়েছে যেগুলো মাহির ক্যারিয়ারে যোগ করেছে ভিন্নমাত্রা।
