ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডে দাপুটে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মেহেদী মারুফ ও জাকের আলির জোড়া সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে উড়িয়ে দিয়েছে দলটি।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গাজী গ্রুপকে ৮ উইকেটে হারায় রূপগঞ্জ।
টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫০ রান করে গাজী গ্রুপ। জবাবে মেহেদী মারুফ ও জাকের আলির সেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। এটি দলটি চতুর্থ জয়। অন্য দিকে এ নিয়ে তৃতীয় হারের স্বাদ পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স।
২৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জ রীতিমতো দাপট দেখায় ব্যাটিংয়ে। যদিও শুরুটা ছিল বাজে। দলীয় ৫ রানেই মোহাম্মদ নাঈম (০) ও দলীয় ২৭ রানে বিদায় নেন মুমিনুল হক (২)।
তবে মারুফ ও জাকেরের যুগলবন্দীতে এর পর আর ধাক্কা খেতে হয়নি রূপগঞ্জকে। তৃতীয় উইকেটে ২২৬ রানের বিশাল জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন দুই ব্যাটসম্যান।
মারুফ ১৩৭ বলে ১২ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১৩৭ রান করেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি। জাকের আলি ১২৬ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০৭ রান করেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি।
এর আগে গাজীর হয়ে ভারতীয় ব্যাটসম্যান পারভেজ রসুল সর্বোচ্চ ৮০ বলে ৮৬ রানের ইনিংস খেলেন। এ ছাড়া অধিনায়ক ইমরুল কায়েস ৪৮ ও মাইশুকুর রহমান ৩১ রান করেন। রূপগঞ্জের পক্ষে মুক্তার আলি সর্বাধিক ২ উইকেট নেন।
পাঁচ খেলায় সমান ৪ পয়েন্ট করে গাজী গ্রুপ ও শেখ জামালের। যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে আছে দল দুটি।
