ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আনোয়ারুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন । তার বয়স হয়েছিল ৬২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ভোরে তিনি ধানমণ্ডির নিজ বাসায় স্ট্রোক করেন। পরে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমার নামাজের পর রাজধানীর সোবহানবাগ মসজিদে এবং বিকেল ৩টায় সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ের সামনে আনোয়ারুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। কর্মজীবনে আনোয়ারুল হক ডেইলি স্টারের চিফ রিপোর্টার, সিটি এডিটর, বিলুপ্ত মর্নিং সানসহ দেশের বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেছেন। তিনি মধ্যপ্রাচ্যের বিখ্যাত ইংরেজি দৈনিক গালফ নিউজের বাংলাদেশ প্রতিনিধি ছিলেন। এ ছাড়া তিনি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের দায়িত্বও পালন করেছেন। সেখান থেকে ২০০৭ সালে আনোয়ারুল হক বেসরকারি সংস্থা ব্র্যাকের কমিউনিকেশনস বিভাগের পরিচালক পদে যোগ দেন। ২০০০ ও ২০০১ সালে পরপর দুই মেয়াদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।
