মোদির সিনেমায় নিজের নাম দেখে জাভেদ আখতারের প্রতিবাদ

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০২:০২ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের ট্রেলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমার এ প্রচারণা ভিডিও’র শেষে গীতিকার হিসাবে প্রসূন যোশি, সমীরসহ আরও বেশ কয়েকজনের সঙ্গে দেওয়া রয়েছে জাভেদ আখতারের নাম।

কিন্তু বিখ্যাত কবি, চিত্রনাট্যকার ও গীতিকারের দাবি, এই ছবির জন্য কোনো গান লেখেননি তিনি। নিজের নাম দেখে তিনি খুবই অবাক হয়েছেন।

‘পিএম নরেন্দ্র মোদি’র পোস্টার শেয়ার করে শুক্রবার টুইটারে জাভেদ লেখেন, “ছবির পোস্টারে গীতিকার হিসাবে আমার নাম দেখে আমি অবাক। এই ছবির জন্য কোনো গানই আমি লিখিনি।”

তবে এ বিষয় নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

বিভিন্ন সময়ের মোদিকে নিয়ে সমালোচনায় দেখা গেছে জাভেদ ও তার স্ত্রী বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমিকে। তাই সিনেমার ট্রেলারে তার নাম দেখে অনেকেই অবাক হয়েছেন।

পরিকল্পনার খবর সামনে আসার পর থেকেই বারবার সংবাদ শিরোনামে এসেছে এই সিনেমা। মোদির ভূমিকায় কে থাকবেন, ফার্স্টলুক কেমন হবে- এ নিয়ে ছিল আলোচনা।

ছবিতে মোদির জীবনের বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে। তাই দেখানো হবে নয়টি ভিন্ন লুক। সেই চরিত্রে নিয়ে হাজির হয়েছেন বলিউডের এক সময়ের নিয়মিত অভিনেতা বিবেক ওবেরয়।

ভারতের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ৫ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। উমং কুমারের পরিচালনায় আরও অভিনয় করেছেন বোমান ইরানি, বরখা বিস্ত, জারিনা ওয়াহাব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত