বিএনপি স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ধ্বংস করেছে: তোফায়েল

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৮:০০ পিএম

ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেছেন, এই দেশে জিয়াউর রহমান ক্ষমতায় থেকে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ধ্বংস করেছিল। মেজর জিয়া স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছিল। আর খালেদা জিয়া ক্ষমতায় এসে স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল।

শনিবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলার  ধনিয়া ও চরসামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি কোনো ভিত্তির ওপর জন্ম গ্রহণ করেনি তা দিনে দিনে মানুষের কাছে পরিচিতি লাভ করছে। যার কারণে বিগত নির্বাচনে মাত্র ৬টি আসন পেয়েছে। আর বিএনপি জোট পেয়েছে মাত্র ৮টি আসন।

অপরদিকে আওয়ামী লীগের জন্ম ৪৯ সালে। দীর্ঘ এ ৭০ বছর আওয়ামী লীগের অনেক উত্থান-পতন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুকে ১৩ বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে। কিন্তু তারপরও তিনি শত্রুর সঙ্গে আপস করেনি।

সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, আমার একটি স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। সেটি হলো ভোলা-বরিশাল ব্রিজ। ইতিমধ্যে ব্রিজটির সম্ভাব্যতা যাচাই হয়েছে। অর্থায়নের জন্য সেতু মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এই ব্রিজটি নির্মাণ হলে ভোলা হবে অন্যতম পর্যটন কেন্দ্র।

ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত