শাশুড়িকে হত্যার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধেজয়পুরহাটে পারিবারিক কলহের জের ধরে শাশুড়িকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাই ফরহাদ হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ফরহাদ।
শুক্রবার রাতে সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শানু বেগম ওই গ্রামেরই আব্দুল জলিলের স্ত্রী।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, পারুলিয়া গ্রামের কাজেম উদ্দীনের পুত্র ফরহাদের সঙ্গে একই গ্রামের জলিল উদ্দীনের মেয়ের পলির ১৮ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহের কারণে পলি তাকে গত দুই বছর আগে তালাক দেয়। হঠাৎ করে ফরহাদ গতরাতে পলির বাবার বাড়িতে পলিকে খুঁজতে গিয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে পলির মা শানু বেগমকে এলোপাতাড়ি মারপিট করে মাথায় আঘাত করে পালিয়ে যায়।
প্রতিবেশীরা শানু বেগমকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করালে পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়।
