শাবিতে দলীয় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আহত

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১০:০৪ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিজ দলের প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা রাজিব সরকার গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাকে রড দিয়ে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে আঘাত করেছে। এতে তার মাথার পেছনের দিক থেঁতলে গেছে। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাজিব সরকার বাংলা বিভাগের ছাত্র। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্র জানায়, শাবিতে ছাত্রলীগের এক অংশে নেতৃত্ব দেন মুশফিকুর রহমান ভূঁইয়া এবং আরেক অংশের নেতৃত্বে আছেন সাখাওয়াত হোসেন। মুশফিক ভূঁইয়ার অনুসারী রাজিব সরকারকে গতকাল একা পেয়ে তার ওপর হামলা চালায় সাখাওয়াত অনুসারীরা। এব্যাপারে মুশফিক ভূঁইয়া বলেন, ‘সাখাওয়াত হোসেনের অনুসারী ছাত্রলীগ কর্মী সোহাগ, রিশাদ, সজিব, সুমন, আমিনুল, রনি, শোভন, সুজন প্রমুখ রাজিব সরকারকে হত্যার উদ্দেশ্যেই তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। ইটের এলোপাতাড়ি আঘাতে তার মাথা থেঁতলে গেছে।’

এব্যাপারে সাখাওয়াত হোসেন বলেন, ‘হামলার কথা শুনেছি। তবে কারা হামলা করেছে এটা আমার জানা নেই।’

শাবির প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ জানান, ছাত্রলীগের কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় রাজিব সরকার গুরুতর আহত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত