শব্দ দূষণ, খাল-নদী ভরাট, বেসরকারি স্বাস্থ্য খাতে নৈরাজ্য, কোচিং বাণিজ্য, মাদকের অপব্যবহারকে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সমস্যা হিসাবে শনাক্ত করেছেন তরুণরা। সরকারি উদ্যোগ ও নাগরিকদের সার্বিক সহায়তায় এ সমস্যাগুলোর সমাধান সম্ভব বলেও মতামত ব্যক্ত করেন তারা।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে করণীয় শীর্ষক এক কর্মশালায় অর্ধশতাধিক তরুণ-তরুণী এ মতামত ব্যক্ত করেন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক মো.আবুল বাশারের সভাপতিত্বে ও প্রভাষক সাংবাদিক মো. মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বিশেষ অতিথি সুশীল সমাজের প্রতিনিধি কবি আবদুল মান্নান সরকার, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এবিএম মোমিনুল হক প্রমুখ।
অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, আখাউড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভীন স্মৃতি, বিজ্ঞ আইনজীবী এড. আমজাদ হোসেন প্রমুখ।
