দ্বাদশ আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলছেন সাকিব আল হাসান। তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে আরো এক জায়গায়। কমেন্ট্রি বক্সে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেট তারকা আতাহার আলি খান।
রোববার আইপিএলের দ্বিতীয় দিনেই মাঠে নেমেছেন সাকিব আল হাসান। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে রয়েছেন সাকিব। আর এই খেলাতেই ধারাভাষ্য দিচ্ছেন আতাহার।
তবে সাধারণত ইংরেজিতে ধারাভাষ্য দিলেও আইপিএলে আতাহারের বাংলা ধারাভাষ্য শুনতে পাচ্ছেন ভক্তরা। জনপ্রিয় টিভি চ্যানেল স্টার জলসা মুভিস গতবারের মতো এবারো বাংলা ধারাভাষ্য প্রচার করছে। আর সেই ধারাভাষ্য টিমে রয়েছেন আতাহার। পুরো আসরেই তাকে ধারাভাষ্য দিতে দেখা যাবে বলে জানা গেছে।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক প্রথমের সঙ্গে জড়িয়ে আতাহার। দেশের হয়ে প্রথম ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন তিনি। ১৯৮৮ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন জাতীয় দলকে, খেলেছেন ১৯ ওয়ানডে। ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসও করতেন আতাহার।
