ট্রাফিক সপ্তাহে ৪৮ হাজার মামলা, জরিমানা ২ কোটি ৪১ লাখ

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০৮:২৯ পিএম

ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের সাত দিনে ঢাকার বিভিন্ন সড়কে ট্রাফিক আইন অমান্য করায় ৪৮ হাজার ৩০৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন না মানায় যানবাহন ও চালককে জরিমানা করা হয়েছে। জরিমানার পরিমাণ দুই কোটি ৪১ লাখ টাকা।

ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে গত ১৭ মার্চ রাজধানীর সোনারগাঁও মোড় থেকে ‘ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ’ কার্যক্রম শুরু করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ট্রাফিক সপ্তাহ শেষে রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, সাত দিনের ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহে ট্রাফিক আইন ভঙ্গের জন্য মোট ৪৮ হাজার ৩০৮টি প্রসিকিউশন করা হয়েছে।

এর মধ্যে বাসের বিরুদ্ধে ১১ হাজার ৮৬৪টি, ট্রাকের বিরুদ্ধে ২৯৯টি, কাভার্ড ভ্যানের বিরুদ্ধে এক হাজার ১৭৪টি, পিকআপের বিরুদ্ধে এক হাজার ৯৯২টি, অটোরিকশার বিরুদ্ধে ৬ হাজার ৭১৭টি, মোটরসাইকেলের বিরুদ্ধে ১৯ হাজার ৬০৯টি, প্রাইভেট কারের বিরুদ্ধে ৪ হাজার ৯৫৯টি, মাইক্রোবাসের বিরুদ্ধে এক হাজার ১০৬টি, হিউম্যান হলারের বিরুদ্ধে ১৯৫টি এবং অন্যান্য যানবাহনের ৩৯৩টি মামলা দেওয়া হয়েছে।

মোট দুই কোটি ৪১ লাখ ৩ হাজার ১৪৫ টাকা জরিমানার মধ্যে এক কোটি ৯৬ লাখ ৬৬ হাজার ১৫ টাকা আদায় করা হয়েছে বলে মাসুদুর রহমান জানিয়েছেন।

তিনি আরও জানান, এই অভিযানে ৩০১টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। আর রেকার বিল আদায় করা হয়েছে ৫ হাজার ৭২৫টি গাড়ির মালিকের কাছ থেকে।

ট্রাফিক বিভাগ জানায়, গাড়ির ফিটনেস না থাকা, উল্টো পথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ন, ড্রাইভিং লাইসেন্স না থাকা, হুটার (সাইরেন) ও বিকনলাইট ব্যবহার এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য এই সব মামলা করা হয়।

ঢাকা মহানগরে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে ১৭ মার্চ রাজধানীর সোনারগাঁও মোড় থেকে ‘ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ’ কার্যক্রম শুরু করে ডিএমপির ট্রাফিক বিভাগ। ২৩ মার্চ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত