হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে পাঁচ কেজি স্বর্ণসহ এক চীনা নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। গতকাল রবিবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী দেশ রূপান্তরকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চীনা নাগরিক রুয়ান জিনফেংকে ৪৮ পিস স্বর্ণসহ আটক করা হয়েছে। স্বর্ণের ওজন ৫ দশমিক ৫৬ কেজি। ওই যাত্রী সকালে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আসেন।
অথেলো চৌধুরী আরও জানান, এ ঘটনায় দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
