নারী সহযাত্রীর পাশে বসে উড়োজাহাজে মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিলেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী। এ কাণ্ড পাশের ভদ্রমহিলা দেখলেও একদমই পাত্তা দেননি ওই ব্যক্তি। এ অভিযোগে আটক করা হয় ব্যবসায়ীকে। পরে অবশ্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার রাতে চেন্নাইগামী উড়োজাহাজে এই ঘটনা ঘটে।
স্বামীর সঙ্গে কয়েক দিন ছুটি কাটিয়ে সন্তানকে নিয়ে ফিরছিলেন মাদিপক্কমের এক নারী। তিনি পুলিশকে জানান, অভিযুক্ত ব্যক্তি মোবাইলে এমনভাবে পর্নো দেখছিলেন, যাতে সেটি পাশের আসন থেকে তিনিও দেখতে পান।
এরপর তিনি উড়োজাহাজের ক্রু-কে গোটা ঘটনা জানান। তারা ওই ব্যক্তিকে অন্য আসনে বসতে বলেন। তাতে ব্যবসায়ী রাজি হননি। পরে সমস্যার সমাধান করেন ফ্লাইট ক্যাপ্টেন। তিনি ওই মহিলাকে অন্য আসনে সরিয়ে দেন।
ক্যাপ্টেন চেন্নাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও অন্য একটি সংস্থাকে বিষয়টি সম্পর্কে অবগত করলে লোকটিকে আটক করে বিমানবন্দর পুলিশ। তবে লিখিত অভিযোগ দায়ের করতে চাননি ওই নারী। তিনি বলেন, কড়াভাবে সতর্ক করে লোকটিকে যেন ছেড়ে দেওয়া হয়। পুলিশও জানান, তখন অভিযুক্ত ব্যবসায়ী ক্ষমা চান।
