সালমার দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৯:২৬ পিএম

গত বছরের ৩১ ডিসেম্বর দ্বিতীয়বারে বিয়ের পিঁড়িতে বসেন কণ্ঠশিল্পী সালমা। বিয়ে করেন আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে। সাগরের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। এদিকে বিয়ের মাত্র তিন মাসের মাথায় সালমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠল সাগর এর আগেও বিয়ে করেছিলেন। সাগরের প্রথম স্ত্রী কক্সবাজারের মেয়ে। তিনি ঢাকার বেসরকারি একটি স্কুলে পড়াশোনা করেন।  ২০১৪ সালের ৩ জুন বিয়ে করেন সাগর।

এদিকে সালমার সঙ্গে সাগরের বিয়ের খবর প্রকাশের আগেই কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ  প্রথম স্ত্রীর মা বাদী হয়ে সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৫৪। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (গ), ১১ (গ)/৩০ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, লন্ডন যাওয়ার পর থেকেই সাগর বাজে ব্যবহার করতে থাকে। এর প্রেক্ষিতে গত বছরের ১৯ নভেম্বর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মামলা করা হয়। মামলায় সানাউল্লাহ নূরে ও তার বাবা-মাকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য ময়মনসিংহের হালুয়াঘাট থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান।

মামলার বিবরণীতে আরও জানা যায়, বিয়ের পর থেকে নানাভাবে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন সাগর। শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। মেয়ের কথা চিন্তা করে সাগরকে তিন কিস্তিতে দশ লাখ দেন। সেই টাকায় সানাউল্লাহ নূরে সাগর যুক্তরাজ্যে ‘বার অ্যাট ল’ পড়তে যান।

দেশ রূপান্তরকে সালমা বলেন, ‘আমার স্বামীর অতীত নিয়ে আমি কখনো ঘাটিনি। এটা ঠিক, আমি তার আরেকটা স্ত্রী থাকার কথাও জানতাম। তবে ও বলেছে ওদের এক বছর আগেই ডিভোর্স হয়েছে। সবকিছু জেনেই আমি তাকে বিয়ে করেছি।’

তিনি আরও বলেন, ‘আজ সন্ধ্যার পর থেকে আমার কাছে ফোন আসছে ব্যাপারটি নিয়ে। আমি আমার স্বামীর সঙ্গেও কথা বলেছি। বিষয়টি আমাদের দুই পরিবারই জানে। যে মামলা করা হয়েছে সেটা আসলে ষড়যন্ত্রমুলক। আমার স্বামীর ওপর ঈর্ষাকাতর হয়েই তারা মামলা করেছে।’

উল্লেখ্য, ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে সংগীত অঙ্গনে পা রাখেন সালমা। ২০১১ সালের ২৫ জানুয়ারি সালমা ও শিবলী সাদিক বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্নেহা নামে তাদের ঘরে সাত বছরের কন্যাসন্তান আছে। গত বছর সালমা দ্বিতীয় বিয়ে করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত