দীপিকার প্রশংসায় কঙ্গনার অ্যাসিড আক্রান্ত বোন

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১১:৪১ এএম

‘ছাপাক’ সিনেমায় অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। পরিচালনায় আছেন ‘রাজি’-খ্যাত মেঘনা গুলজার। সোমবার সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ হতেই প্রশংসা পাচ্ছেন নায়িকা।

দীপিকার সঙ্গে অ্যাসিড আক্রান্ত লুক একেবারেই মেলানো যাচ্ছে না বলছেন অনেকে। প্রশংসা করেছেন অভিনেত্রী কঙ্গনার রনৌতের বড় বোন রঙ্গোলি চান্দেলও।

অনেকেই হয়তো জানেন না, রঙ্গোলি অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছিলেন। বলা হয়ে থাকে, তিনি হিমাচল প্রদেশের প্রথম অ্যাসিড আক্রান্ত নারী।

২০০৬ সালে চণ্ডীগড়ের দুই যুবক তার ওপর অ্যাসিড হামলা চালান। সেই হামলায় রঙ্গোলির মুখের অনেকাংশ পুড়ে যায় এবং একটি চোখের ৯০ শতাংশ দৃষ্টি শক্তি চলে যায়। একটা কান নষ্ট হয়ে যায়। পরে ৫৭টি অস্ত্রোপচারের মাধ্যমে অনেকটা স্বাভাবিক চেহারা ফিরে পান তিনি।

রঙ্গোলি জানান, অ্যাসিড আক্রান্ত হওয়ার ভয়ানক যন্ত্রণা কখনোই ভুলে যাওয়ার নয়। শরীরের থেকেও মনের কষ্ট ছিল আরও ভয়াবহ।

সেই হামলায় আরও আহত হন রঙ্গোলির বন্ধু বিজয়া, তবে ক্ষত ছিল কম। যে যুবক অ্যাসিড হামলা চালিয়েছিল তাকে গ্রেপ্তারও করা হয়।

এক সাক্ষাৎকারে বোনের জীবন নিয়ে ছবি বানানোর ইচ্ছা প্রকাশ করেন কঙ্গনা।  বলেন, “বলেছিলাম, আমি তোমার জীবনের এই ঘটনা নিয়ে ছবি বানাতে চাই। আমি এই অধিকারটা চেয়েছিলাম। আমি নিজেই রঙ্গোলির চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। তবে রঙ্গোলি বলেছিল এটা নাকি ফ্লপ ছবি হবে।”

রঙ্গোলির চেয়ে অ্যাসিড আক্রান্তের কষ্ট বেশি আর কেউ অনুভব করতে পারবেন না। তাই দীপিকার ‘ছাপাক’-এর লুক প্রকাশ্যে আসার পর প্রশংসায় পঞ্চমুখ তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত