স্বাধীনতা দিবসে এফডিসিতে বিনা মূল্যে চিকিৎসা সেবা

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৪:৪৪ পিএম

নানা জাতীয় দিবসে নানামুখী উদ্যোগ নিয়ে থাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। তারই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবসে দুস্থ শিল্পীদের মাঝে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের আয়োজন করল পরিচালক সমিতি। মঙ্গলবার বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করছে স্কয়ার ও শমরিতা হাসপাতালের চিকিৎসকেরা। 

এ বিষয়ে পরিচালক সমিতির প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আজ সকাল ১১ টা থেকে সমিতির সামনে অস্থায়ী ক্যাম্প করে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করি। আমাদের চলচ্চিত্রাঙ্গনের দুস্থ ও এক্সট্রা শিল্পীদের সহায়তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্কয়ার ও শমরিতা হাসপাতাল থেকে সাত সদস্যের একটা বিশেষজ্ঞ দল আমাদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নেন।’

উল্লেখ্য, সকাল ১১টায় এফডিসিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়। সারা দিন চলবে এ কার্যক্রম। কার্যক্রম শুরুর সময়ে সেখানে উপস্থিত ছিলেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, কবিরুল ইসলাম রানাসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত