ক্রিকেটারদের মানসিকভাবে তৈরি হওয়ার তাগিদ মাশরাফীর

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৪:৫৬ পিএম

বিশ্বকাপকে ‘মেন্টাল গেম’ হিসেবে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আর এ কারণে বিশ্বকাপ দলের জন্য সম্ভাব্য সবাইকে মানসিকভাবে তৈরি হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। জোর দিলেন নিজেদের খেলা নিয়ে নিজেদেরই কাজ করার ব্যাপারে।

ইংল্যান্ড ও ওয়েলশে ৩০ মে বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তাই ১ মে দেশ ছাড়বে টাইগাররা। বিশ্বকাপের দল ঘোষণা হয়ে যাবে এপ্রিলের মাঝ সময়ে।

এই মুহূর্তে বিশ্বকাপের দল কেমন হবে সে নিয়ে আলোচনা হচ্ছে প্রবল। সর্বশেষ নিউ জিল্যান্ড সফর ভালো যায়নি টাইগারদের। তবে বিশ্বকাপের দলে যে খুব বেশি রদবদল হবে না তার আভাস পাওয়া গেছে এরই মধ্যে। সাম্প্রতিক সময়ে নিয়মিত মুখরাই হয়তো যাবে ইংল্যান্ডে।

তবে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। যেখানে আলো কেড়ে বিশ্বকাপের দলে ঢোকার দাবি করতেই পারেন অনেকে। ইতিমধ্যে এনামুল হক বিজয় টানা তিন সেঞ্চুরি করেছেন, সাইফ হাসান ও মেহেদী মারুফ করেছেন টানা দুই সেঞ্চুরি। ফরহাদ রেজা ব্যাটে বলে অবিশ্বাস্য খেলছেন।

তবে মাশরাফী প্রিমিয়ার লিগের ভালো-খারাপ পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছেন না অতটা। টাইগার অধিনায়ক বলছেন, “আসলে ঢাকা লিগ নিয়ে তেমন একটা ভাবনা নেই। কারণ অনেকবার আমি দেখেছি যে এখানে কেউ দিনের পর দিন সেঞ্চুরি করেও আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে ধুঁকেছে। এখানে উইকেট বলেন, ক্রিকেটের ইন্টেন্ট বলেন, এগুলো তো আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি নয়। এখানে অনেকে রান করে বা উইকেট পেয়ে ওখানে ভালো করতে পারে না।’’

মাশরাফী তাই মানসিক প্রস্তুতিটা দেখছেন বড় করে, ‘‘আমার কাছে মনে হয় মানসিকতা অনেক গুরুত্বপূর্ণ। মানসিকভাবে প্রস্তুত কিনা এবং এটার সাথে সেই ক্রিকেটার নিজের খেলায় নির্দিষ্টভাবে কি করছে, সেটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় বিশ্বকাপ পুরোপুরি মেন্টাল গেম। এই এক-দেড় মাসে মানসিকভাবে কে কতটা তৈরি হতে পারছে, সেটি গুরুত্বপূর্ণ।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত