দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বাংলাদেশের অনেক সমস্যার মধ্যে আমিত্ব একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। সবাইকে আমিই বড়, আমিই শ্রেষ্ঠ এই মানসিকতা পরিহার করতেই হবে। যে যেখানে আছেন, সে সেখানে নিজেকে রাজা মনে করবেন এটা হতে পারে না। বরং যে যত বড় দায়িত্বে রয়েছেন তার আচরণ তত নমনীয় হওয়া উচিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, কমিশনে যারা কাজ করেন তারা প্রত্যেকেই একই সঙ্গে একই সমতলে অবস্থান করেন। ভুল করলে তা স্বীকার করার মানসিকতাও থাকতে হবে। আমরা সবাই যদি ভুল স্বীকার করার মানসিকতা পোষণ না করি কিংবা আমিত্ব পরিহার না করি তাহলে এই দেশ এই জাতি এগোবে না। তিনি মনে করেন, শিশুদের পাঠ্যবইয়ে ‘আমার বই’ কিংবা ‘আমার পতাকা’ এ জাতীয় শব্দচয়ন না করে ‘আমাদের বই’, ‘আমাদের পতাকা’ লিখলে হয়তো শিশু-হৃদয়ে আমিত্বের বীজ অঙ্কুরিত নাও হতে পারত। কমিশনের প্রতিরোধ অনুবিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ২৭ হাজার সততা সংঘ ও ২ হাজার সততা ইউনিট গঠনের মাধ্যমে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। প্রতিটি সততা সংঘ ও সততা স্টোরের কার্যক্রম আপনাদের নিবিড়ভাবে মনিটরিং করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাই তাদের আচরণে-মননে সততা ও নৈতিকতার যে অমূল্য মূল্যবোধ জাগরিত হচ্ছেÑ তা বিকশিত করতে হলে এসব কার্যক্রম মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। ইকবাল মাহমুদ বলেন, দুদক আইন অনুসারে কমিশনের একটি সুনির্দিষ্ট কর্মপরিধি রয়েছে। কমিশন এই কর্মপরিধির বাইরে গিয়ে একটি কাজও করবে না। প্রতিটি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অহংবোধ থেকে বেরিয়ে আসতেই হবে, তা না হলে সংস্থাগুলোও এগোবে না, দেশও এগোবে না। তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীই সমান গুরুত্বের। মহান স্বাধীনতা দিবসের মুহূর্তে আসুন, আমরা সম্মিলিতভাবে দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় একই সমতলে থেকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করি।’
সভায় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘আপনি আচরি ধর্ম, পরেরে শেখাও’Ñ এই নীতি মেনে আমরা যদি আমাদের অন্তর্দৃষ্টি, আচরণ এবং দৃষ্টিভঙ্গিকে সমন্বিত করে দুর্নীতির বিরুদ্ধে উচ্চকিত হই, তবেই সোনার বাংলা বিনির্মাণ করা সহজ হবে। আরেক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা আমরা যেন আমাদের কর্মে চর্চা করি এবং সবাই মিলেমিশে দেশ গঠনে কাজ করি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, মহাপরিচালক (মানি লন্ডারিং) আ ন ম আল ফিরোজ, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আকতার হোসেন, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রমুখ।
