রাজধানীর প্রগতি স্মরণী সড়কে বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেওয়া বাসচালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি (উত্তর) পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তার সুপ্রভাত বাসের চালকের সহকারী দুর্ঘটনার সময় ওই বাসটিতে চালকের আসনে ছিলেন। বাসচাপায় আবরারের মৃত্যুর পর থেকে পলাতক ছিলেন তিনি।
এ বিষয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়েদুর রহমান।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার দ্বিতীয় দিন সন্ধ্যায় আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্মসূচি ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করেন।
