সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী

অসুবিধা হলে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হবে না

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০২:১৫ এএম

নোয়াখালীর ভাসানচরে বসবাস করতে অসুবিধা হলে রোহিঙ্গাদের সেখানে পাঠানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাংলাদেশের ৭৮টি বৈদেশিক মিশনে বাংলাদেশি টিভি চ্যানেল দেখার ‘সেট-টপ’ বক্স বিতরণ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গারা ঘিঞ্জি পরিবেশে বাস করছে। এ ছাড়া বর্ষা মৌসুমে সেখানে ভূমিধসেরও আশঙ্কা রয়েছে। তাই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করতে চাইছি। তাদের জন্য ভাসানচরে সুন্দর বাড়ি বানানো হয়েছে, তবে অনেক বিদেশি সংস্থা আপত্তি তুলছে। তাই আমরা বলতে চাই, ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে তাদের সেখানে পাঠানো হবে না।’

অন্য এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কানাডায় পালিয়ে থাকা খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিদেশে পালিয়ে থাকা সব দণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে আনা হবে।’ একই সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিদেশে বাংলাদেশ মিশনে দেশীয় টিভি চ্যানেলগুলো দেখা যায় না। সে কারণে মিশনগুলোতে এই ব্লু-বক্স দেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত