প্রতিষ্ঠানে ভালো কাজের পরিবেশ গড়বেন যেভাবে

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০২:৫৮ পিএম

কর্মীদের জন্য কাজের পরিবেশ ভালো না হলে, কখনো আপনার প্রতিষ্ঠানের উন্নতি হবে না। আর এ জন্য প্রথমে চাই উচ্চ দক্ষতা সম্পন্ন একটি দল। যারা এমন একটি পরিবেশে কাজ করবেন, যেখানে প্রতিনিয়ত লালিত হবে ‘বিশ্বাস’।

সফটওয়্যার প্রতিষ্ঠান ‘গেইনসাইট’এ ছয় বছর ধরে সিইও হিসেবে আছেন নিক মেহতা। এই প্রতিষ্ঠানে তার সুনাম আকাশচুম্বী। প্রায় ৫০০ কর্মীকে প্রতিদিন নিপুণ দক্ষতায় সামলান তিনি। তাদের থেকে বের করে আনেন সেরা কাজ। নিজের অভিজ্ঞতা থেকে অন্য মালিকদের জন্য ভালো কাজ আদায়ের তিনটি উপায়ের কথা বলেছেন তিনি।

১. যোগাযোগে উদারতা: মেহতা বলছেন, একটু নিচের পদের কর্মীদের সঙ্গে খোলামেলা যোগাযোগ না রাখলে অফিসে দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়। তারা কাজ করতে অস্বস্তি বোধ করেন। আপনার প্রতিষ্ঠানে কী বড় পরিবর্তন আসছে, কোথায় কী ঘটছে তা প্রতিদিন কর্মীদের জানানো উচিত। এতে তারা প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস রাখতে পারেন। তারা নিজেদেরকে ‘ভেতরের লোক’ বলেই অনুভব করতে পারবেন।

মেহতা কর্মীদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখতে তাদের প্রতি সপ্তাহে একটি চিঠি লেখেন। সেখানে তিনি কোম্পানির বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

২. অবসরে বাড়ে কাজের আগ্রহ: অনেক প্রতিষ্ঠান কর্মীদের ঠিকমতো ছুটি দিতে কার্পণ্য করে। পর্যাপ্ত লোকবল নেই, এই দোহাই দিয়ে অনেক সময় প্রাপ্য ছুটি দেওয়া হয় না। এটি প্রতিষ্ঠানের জন্য ভালো ফল বয়ে আনে না। তাদের অবসর উদ্‌যাপনের সুযোগ দিন। কর্মীদের বিশ্বাস করতে শেখান এই অফিসের বাইরেও তাদের একটা জীবন আছে, যে জীবনটা অফিসের অর্থ দিয়ে দারুণভাবে চলে।

৩. নতুন কিছু করতে উৎসাহ জোগান: অনেক কর্মী আছেন, যারা প্রতিষ্ঠানের নতুন নতুন ধারণা দিতে পছন্দ করেন। কিন্তু ‘ভুল’ হওয়ার ভয়ে সেসব পরিকল্পনা শেয়ার করতে চান না। নিক মেহতা বলছেন, এ সব ক্ষেত্রে কর্মীদের নির্ভার রাখা উচিত। তাদের পরীক্ষা ভুল হলেও মেনে নেওয়া উচিত।

যখন আপনার কর্মী আপনার দলে নিজেকে নিরাপদ মনে করবেন, তখন তিনি যে কোনো পরিকল্পনার কথা জানাতে সাহস পাবেন। আর এভাবে এগিয়ে যাবে আপনার প্রতিষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত