সাক্ষৎকারে নারী সাংবাদিককে চুমু খেয়ে নিষিদ্ধ বক্সার

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৮:০৩ পিএম

লাইভ সাক্ষাৎকারে এক নারী সাংবাদিককে জোর করে চুমু খাওয়া বুলগেরিয়ান হেভিওয়েট বক্সার কুবরাত পুলেভকে ক্যালিফোর্নিয়ায় নিষিদ্ধ করা হয়েছে।

এ ব্যাপারে পুলেভকে ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাথলেটিক কমিশনে হাজির হতে বলা হয়েছে। বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। ক্যালিফোর্নিয়া বক্সিংয়ে ফের অনুমতি পেতে হলে তাকে এই কমিশনে হাজির হতেই হবে।

ক্যালিফোর্নিয়া বক্সিংয়ে রোমানিয়ার বোগদান দিনুর বিরুদ্ধে বাউট জিতে ভেগাস স্পোর্টসের নারী সাংবাদিক জেনিফার রাভালোকে সাক্ষাৎকার দিচ্ছিলেন পুলেভ। সাক্ষাৎকার শেষে ক্যামেরার ফ্রেম থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে বুলগেরিয়ান বক্সার চুমু দিয়ে বসেন রাভালোর ঠোঁটে।

পুলেভ অবশ্য ওই নারী সাংবাদিককে নিজের বন্ধু বলে দাবি করেছেন। কিন্তু বন্ধুত্বের সম্পর্কটি উড়িয়ে দিয়েছেন রাভালো। জানিয়েছেন, ঘটনার একদিন আগে শুধু তার সঙ্গে দেখা হয়েছিল মাত্র।

জোর করে চুমু দেওয়ার জন্য তারকা বক্সারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ভিডিওটি।

সমালোচনার মুখে পুলেভ সরাসরি ক্ষমা না চাইলেও টুইটারে অনুরাগীদের উদ্দেশে টুইটারে লিখেছেন-“আপনারা হয়ত একটি ভিডিও ক্লিপে দেখেছেন যে শনিবার রাতে আমি বাউট জিতে সাক্ষাৎকার দেওয়ার পর এক মহিলা সাংবাদিককে চুমু দিয়েছি। ওই রিপোর্টার জেনি আসলে আমার একজন বন্ধু। সাক্ষাৎকার দেওয়ার পর আমি এতটাই উচ্ছ্বসিত ছিলাম যে, ওকে চুমু দিয়ে বসি। সেই রাতেই আমার অন্যান্য বন্ধুদের সঙ্গে পোস্ট ম্যাচ সেলিব্রেশনেও হাজির ছিল জেনি। ভিডিওতে দেখেছেন নিশ্চই, চুমু দেওয়ার পরে আমাদের উভয়ের মুখেই হাসি ছিল এবং একে অপরকে ধন্যবাদও জানিয়েছি। এর বাইরে অন্য কোনও উদ্দেশ্য ছিল না।”

কিন্তু এসব অজুহাত মানতে নারাজ ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাথলেটিক কমিশন।

খেলাধুলোর আঙিনায় এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়। রাশিয়া বিশ্বকাপের সময় পিটিসি দেওয়ার সময় এক দর্শক আচমকাই চুমু দিয়েছিলেন এক নারী সাংবাদিককে। বিগ ব্যাশ লিগে লাইভ ইন্টারভিউয়ের সময় মহিলা সাংবাদিককে আপত্তিকর কথাবার্তা বলেছিলেন তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত