ফায়ার সার্ভিস প্রতিষ্ঠানকে দ্রুততার সঙ্গে আধুনিকায়ন করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দ্রুততার সঙ্গে এই প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার নিজ সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এ কথা জানান প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত একাধিক নেতা দেশ রূপান্তরকে সভায় আলোচ্য বিষয়গুলো অবহিত করেন। সভায় অধিকাংশ সদস্য অগ্নিকাণ্ডের বিষয়টি নিয়ে কথা বলেন। তারা ফায়ার সার্ভিসকে আরও উন্নত, আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ করতে পরামর্শ দেন।
সভা শেষে দলের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি বৃহস্পতিবার বনানীর অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বেচ্ছা শ্রমী শিক্ষার্থীদের সাহসী ও কার্যকরী ভূমিকার জন্য সভার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করতে হবে। অগ্নি দুর্ঘটনাসহ সার্বিক নিরাপত্তা বিষয়ে ভবন মালিক ও ব্যবহারকারীদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে সরকারি সংস্থাসমূহের কঠোর নজরদারি বাড়ানোসহ জনসচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
এ সময় সরকার প্রধান ও দলীয় সভাপতি শেখ হাসিনা দাবি করেন, ফায়ার সার্ভিস যতটুকু সমৃদ্ধ হয়েছে তার সরকারের আমলেই হয়েছে। এর আগে এই প্রতিষ্ঠানের ৫ তলা ভবনের আগুন নির্বাপণের ক্ষমতাও ছিল না।
সভায় সভাপতিমণ্ডলীর এক সদস্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বক্তব্য রাখলে প্রধানমন্ত্রী বলেন, গত বছর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কী ছিল একটু চেক করে দেখেন। সে তুলনায় এ বছর এখনো বাড়েনি।
সভায় দলের জাতীয় সম্মেলনের আগে তৃণমূলের জেলা উপজেলার সম্মেলন শেষ করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আসছে রমজানের পরে জেলা সফরে নেমে তৃণমূলের সম্মেলন শেষ করতে হবে। আমি যেন শুনতে না পাই অমুক জেলার তমুক উপজেলার সম্মেলন বাকি আছে। এ জন্য ৮টি বিভাগ সফরের জন্য সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের যুক্ত করতে ৮টি কমিটি করতে বলেছেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, এ বছরই দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সে হিসেবে প্রস্তুতি নিতে হবে কেন্দ্রীয় নেতাদের।
দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন ও সংগঠনের জাতীয় কাউন্সিলের প্রস্তুতিকে সামনে রেখে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আটটি টিম গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলের উপদেষ্টামণ্ডলী, প্রেসিডিয়াম এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এই টিম সমূহ আটটি সাংগঠনিক বিভাগের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও গতিশীল করবে।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সারা দেশে দলীয়ভাবে উদ্যাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সারা দেশে আওয়ামী লীগের সর্বস্তরে সাংগঠনিকভাবে বছরব্যাপী উপযোগী কর্মসূচি পালন ও গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনে যে সকল মন্ত্রী, এমপি ও দলীয় নেতৃবৃন্দ সংগঠনের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করছেন না তাদের কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন তৈরি ও ব্যবস্থা গ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়।
সভায় সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সংগঠিত পবিত্র জুম্মার দিনে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং এ ঘটনায় হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এর প্রতিও গভীর সহমর্মিতা জানান শেখ হাসিনা।
সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-দপ্তর বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
