প্রায় এক বছর ধরে বন্দি তিন নারী অধিকারকর্মীকে সাময়িক মুক্তি দিয়েছে সৌদি আরব। আদালতের শুনানির পর তাদের মুক্তি দেওয়া হয় বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বৃহস্পতিবার তিন নারীর মুক্তির ঘোষণা দেয়। তাদের পরিচয় প্রকাশ করেনি বার্তা সংস্থাটি। তবে কিছু সংবাদমাধ্যমে তিনজনকে ব্লগার ইমান আল-নাফজান, বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রভাষক আজিজা আল-ইউসেফ ও শিক্ষক রোকায়া আল-মোহারেব। গত বুধবার এই নারীদের দ্বিতীয় শুনানি হয়। সে শুনানির সময় আদালতে বিদেশি সাংবাদিক ও কূটনীতিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের কারণে ওই নারীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে মানবাধিকার বিভিন্ন সংগঠন জানিয়েছে। এসপিএর প্রতিবেদনে বলা হয়, বিচার চলাকালে তিন নারীর অনুরোধ পর্যালোচনা করে তাদের অস্থায়ী মুক্তি দিয়েছে রিয়াদের অপরাধ আদালত। এতে আরও বলা হয়, এ মামলাগুলোর বিষয়ে নজর রাখবে আদালত।
×
